ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়িয়ে গেছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর লা গুয়াইরা, যেখানে শতাধিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। রাজধানী কারাকাসের চাকাও এলাকায়ও ব্যাপক ক্ষতি হয়েছে।
সরকারের ত্রাণ কার্যক্রম নিয়ে ক্ষোভ
সাবেক পুলিশ কর্মকর্তা জান কার্লোস রোয়া গার্সিয়া তাঁর পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। তিনি বলেন, 'আমার এখন ৫০ বছর না হয়ে যদি ৩০ বছর বয়স হতো, তবে হয়তো পারতাম। কিন্তু কোথা থেকে শুরু করব, সেটাই জানি না। আর এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকেও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।'
সংগীতশিল্পী জাইরা কাস্ত্রো আরও সরব। তিনি বলেন, 'আমরা সবাই ভীষণ হতাশ। কারণ, সরকার কার্যকর ও দৃশ্যমান সহায়তা দেখাতে পারছে না। আসলে আমরা ভেনেজুয়েলার বাসিন্দারা একে অপরের পাশে দাঁড়াচ্ছি। আমাদের সমাজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে মানুষ নিজেরাই একে অপরকে সাহায্য করে। আমরা সরকারের ওপর নির্ভর করি না।'
অন্তর্বর্তী প্রেসিডেন্টের পরিদর্শনে বিক্ষোভ
অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ স্থানীয় মেয়রকে নিয়ে কারাকাসের চাকাও এলাকা পরিদর্শন করলে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখোমুখি হন। এক বাসিন্দা চিৎকার করে বলেন, 'এত বড় একটি ট্র্যাজেডির মধ্যেও আপনারা প্রচার চালাচ্ছেন! সরকার সাধারণ মানুষের জন্য কিছুই করছে না!'
উদ্ধার কার্যক্রম ও স্বাস্থ্য ব্যবস্থার চাপ
স্থানীয় উদ্ধারকারী দল ও আন্তর্জাতিক সহায়তাকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধারকর্মীদের জীবিত মানুষ বের করে আনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভূমিকম্পের পর প্রথম ৪৮ ঘণ্টা পার হয়ে যাওয়ায় জীবিত খোঁজার আশা ক্ষীণ হচ্ছে।
দেশটির স্বাস্থ্যব্যবস্থা কয়েক দশকের অর্থায়নের অভাবে নাজুক। হাসপাতালগুলো বিপুল সংখ্যক আহতের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। চিকিৎসক ও নার্সরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করছেন।
বেঁচে যাওয়াদের বর্ণনা
হাসপাতালের শয্যায় শুয়ে বেঁচে যাওয়া মারিয়া ভার্গাস এএফপিকে বলেন, 'এটা ছিল ভয়াবহ ঘটনা। এত মানুষ মারা গেছে, এত পরিবারের সদস্য নিখোঁজ হয়ে গেছে। আমি আমার বাড়িটা পুরোপুরি হারিয়েছি, কিন্তু স্রষ্টার কৃপায় আমরা বেঁচে আছি।'
ক্ষতিগ্রস্ত বাসিন্দা আইলিন লাদা বলেন, 'এখনো ধ্বংসস্তূপে মানুষ আটকে আছে। আমাদের ভারী যন্ত্রপাতি দরকার। দয়া করে আমাদের সাহায্য করুন।'



