বজ্রপাতে প্রাণ হারালেন কলেজছাত্রী ও কৃষক
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী ও এক কৃষক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
পুকুরপাড়ে মোবাইলে কথা বলার সময় বজ্রপাত
পুলিশ ও এলাকাবাসী জানান, ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামে পুকুর পাড়ে বসে মোবাইলে কথা বলার সময় বজ্রপাতে ওই শিক্ষার্থী আহত হন। তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুলি ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কৃষকের মৃত্যু
অন্যদিকে, কালাদহ গ্রামের নিচপাড়ায় একই সময়ে বজ্রপাতে আব্দুল খালেক নামের এক কৃষক নিহত হন। তিনি আছরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে আসার সময় বজ্রপাতে আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।



