রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ড রোডে আবুল বাশারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের পরিচয় ও অবস্থা
দগ্ধরা হলেন তিন বন্ধু রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, জুয়েলের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ ও পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এবং জুয়েল ও পারভেজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার বিবরণ
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, রাতের দিকে কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাসার নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ওই তিনজনই দগ্ধ হন। দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে কাজ করেন। ওই বাসাতে জুয়েল ও তার পরিবার থাকে। তবে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় দুই বন্ধু রানা ও পারভেজকে বুধবার রাতে বাসায় নিয়ে যায় সে। এরপর সেখানে বিস্ফোরণ ঘটে।
ইমরান হোসেন রাজিব আরও জানান, ৭ তলা বাড়িটির নিচ তলায় জুয়েলের পরিবার যে বাসাটিতে থাকেন, সেই বাসার নিচেই সেপটিক ট্যাংক। তাদের রুমের ফ্লোরটি সব সময় অতিরিক্ত গরম হয়ে থাকত। এটি তার পরিবার বাড়িওয়ালাকে জানিয়েছিল, কিন্তু গুরুত্ব দেয়নি বাড়িওয়ালা। এছাড়া, বাড়ির পাশ দিয়ে যাতায়াতের প্রায় সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে, সেই গ্যাস রুমের ভিতর জমে ছিল। রাতে তারা দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়েছে।
উদ্ধার ও চিকিৎসা
রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।



