ছাগল ছানা উদ্ধারে গিয়ে কূপে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের
ছাগল ছানা উদ্ধারে গিয়ে কূপে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)। তারা সবাই স্থানীয় গারো সম্প্রদায়ের সদস্য।

ঘটনার বিবরণ

ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য লাল মিয়াসহ স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগল ছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিমের মসজিদ এলাকায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগল ছানাটি উদ্ধারে প্রথমে কূপে নামে নেইমার। কিছু সময় পর তার কোনো সাড়া না পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে গাব্রিয়াল এবং শেষে রতন কূপে নামেন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার অভিযান

খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। অক্সিজেনহীন ওই পরিত্যক্ত কূপে বিশেষ প্রক্রিয়ায় ফায়ার ফাইটার মনিরকে কূপে নামিয়ে একে একে চারজনের লাশ উদ্ধার করা হয়। মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, চার লাশ ফায়ার সার্ভিসের কাছ থেকে গ্রহণ শেষে আইনি প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ