চকরিয়ায় বন্যার স্রোতে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার
চকরিয়ায় বন্যার স্রোতে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যার তীব্র স্রোতে ভেসে যাওয়া সুজিত দাস (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১২ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাসপাড়া এলাকার মাতামুহুরী নদীসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুজিত দাস একই এলাকার তুফান দাসের ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে কৈয়ারবিল জলদাসপাড়া এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি মাতামুহুরী নদীর দিকে প্রবাহিত হচ্ছিল। শনিবার বিকাল ৩টার দিকে সুজিত দাস আরও দুজনের সঙ্গে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে গেলে প্রবল স্রোতে সুজিত ভেসে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

উদ্ধার অভিযান

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রবল স্রোতের কারণে অভিযান ব্যাহত হয়। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর রোববার বিকালে সুজিতের লাশ উদ্ধার করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ দিদারুল হক জানান, ঘটনাস্থলে পানির স্রোত অত্যন্ত তীব্র থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়েছে। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সহায়তায় রোববার বিকাল ৩টার দিকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ