আন্তর্জাতিক হরমুজ প্রণালি ঘিরে সুখবর দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে। সিএনএন জানিয়েছে, এখনো প্রায় ১ হাজার ৬০০ জাহাজ আটকে আছে। তবে বৃহস্পতিবার (৭ মে) প্রণালিটি নিয়ে সুখবর দিয়েছে ইরান।
ইরানের ঘোষণা
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে জ্বালানি, চিকিৎসাসেবা ও সীমিত পরিসরে মেরামত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে তেহরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) এ ঘোষণা দেয়।
পিএমও এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে।
সামুদ্রিক নিরাপত্তার দায়িত্ব
ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, এটি তাদের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বের অংশ। তিন দিন ধরে প্রতিদিন তিনবার ভিএইচএফ মেরিন রেডিওর মাধ্যমে সম্প্রচারিত বার্তায় জাহাজের অধিনায়ক ও মালিকদের প্রয়োজনীয় সরঞ্জাম, জ্বালানি, চিকিৎসাসেবা বা অনুমোদিত মেরামত সামগ্রী চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়, জাহাজগুলো নিকটস্থ ইরানি বন্দরের ভেসেল ট্রাফিক সার্ভিসের সঙ্গে চ্যানেল-১৬ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে অথবা স্থানীয় এজেন্টদের মাধ্যমে সহায়তা নিতে পারবে।
পিএমও আরও জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক করিডোরে নৌ-নিরাপত্তা ও বন্দরসেবা নিশ্চিত করা ইরানের সার্বভৌম দায়িত্বের অংশ।



