ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এ মসজিদে জড়ো হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে মুসল্লিদের ঢল নামে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদের আঙিনা ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
ইসরায়েলি বাধা অতিক্রম করে নামাজ
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বিধিনিষেধ ও বিভিন্ন বাধা অতিক্রম করেই বহু ফিলিস্তিনি জুমার নামাজে অংশ নিতে সেখানে পৌঁছান। গত তিন বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে আসা ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল। এর ফলে অনেক মুসল্লি সরাসরি মসজিদে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
প্রবেশাধিকার নিয়ে নতুন বিতর্ক
এ পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম পবিত্র এ ধর্মীয় স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে আল-আকসায় প্রবেশে আরোপিত বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়ে আসছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কারণে মুসল্লিদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।



