তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে ফের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, শান্তিপূর্ণ পুনর্মিলন তাইওয়ানের বাসিন্দাদের সাংস্কৃতিক পরিচয়, উন্নয়ন সম্ভাবনা ও সামাজিক কল্যাণকে আরও শক্তিশালী করবে।
শান্তিপূর্ণ পুনর্মিলনের পথ
বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ান বিষয়ক দফতরের রাষ্ট্রীয় কাউন্সিলের মুখপাত্র চাং হান বলেন, শান্তিপূর্ণ পুনর্মিলন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি জাতীয় পুনর্মিলন অর্জনের সর্বোত্তম পথ। এর মাধ্যমে তাইওয়ানের মানুষের সাংস্কৃতিক পরিচয় ও আত্মপরিচয়ের অনুভূতি আরও দৃঢ় হবে।
মুখপাত্র আরও বলেন, এতে তাইওয়ানের মানুষের মধ্যে থাকা ‘অস্পষ্ট সাংস্কৃতিক পরিচয়’ ও ‘ইতিহাস সম্পর্কে বিভ্রান্তি’ দূর হবে। তিনি জানান, শান্তিপূর্ণ পুনর্মিলন তাইওয়ানের সাংস্কৃতিক শিল্পখাতের জন্যও বড় সুযোগ তৈরি করবে। তাইওয়ানের চলচ্চিত্র, টেলিভিশন প্রযোজনা, সংগীত ও প্রকাশনা খাত মূল ভূখণ্ড চীনের বিশাল বাজারে সহজ প্রবেশাধিকার পাবে এবং নীতি ও সম্পদের আরও বেশি সহায়তা পাবে বলেও জানান তিনি।
রাজনৈতিক বিভাজন থেকে মুক্তি
মুখপাত্র বলেন, পুনর্মিলনের মাধ্যমে তাইওয়ানের সমাজ দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন ও আদর্শিক সংঘাত থেকে বেরিয়ে আসতে পারবে। তিনি আরও বলেন, পুনর্মিলনের পর বিশ্বের যে কোনও স্থানে তাইওয়ানের মানুষ শক্তিশালী মাতৃভূমির সমর্থন পাবে এবং তাদের আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার ‘ঘুঁটি’ হয়ে থাকতে হবে না।
যুক্তরাষ্ট্রের প্রতি অসন্তোষ
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের তাইওয়ানের সামরিক ক্রয় বাজেট নিয়ে অসন্তোষের প্রসঙ্গ উঠলে চাং হান জোর দিয়ে বলেন, তাইওয়ান প্রশ্ন সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।



