নৌপথে শুল্ক বৃদ্ধিতে শিল্প খাতের ব্যয় ১০-৭০% বাড়ার আশঙ্কা
নৌপথে শুল্ক বৃদ্ধিতে শিল্প খাতের ব্যয় ১০-৭০% বাড়ার আশঙ্কা

নৌপথে পণ্য ও কাঁচামাল পরিবহন সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলেও সম্প্রতি সরকার নৌপথের বিভিন্ন সেবার শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে বিভিন্ন শিল্প ও সেবা খাতের পরিচালন ব্যয় ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের উদ্বেগ

ব্যবসায়ীরা জানান, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে তাঁরা ইতিমধ্যে চাপে আছেন। এর সঙ্গে নৌপথের বাড়তি খরচ তাঁদের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। বাড়তি ব্যয়ের কারণে একদিকে পণ্যের দাম বাড়াতে হবে, অন্যদিকে দাম বাড়ালে বিক্রি কমে যেতে পারে। এতে তাঁরা উভয়সংকটে পড়বেন। তাঁরা শুল্ক বৃদ্ধির এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

শুল্ক বৃদ্ধির প্রজ্ঞাপন

গত ১১ মে নৌপথে বিভিন্ন সেবার শুল্ক ও ফি বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে জাহাজ পরিবহন, টার্মিনাল ও জেটি ফি এবং পণ্য খালাসসহ প্রায় অর্ধশত সেবার ফি, ভাড়া ও টোল পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে বর্ধিত মাশুল কার্যকর হওয়ার কথা। এর আগে সর্বশেষ ২০১৯ সালে শুল্ক বাড়িয়েছিল বিআইডব্লিউটিএ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একতরফা সিদ্ধান্তের অভিযোগ

নৌপথে পণ্য পরিবহনকারী বিভিন্ন খাতের ব্যবসায়ীদের দাবি, ২০১৯ সালের তুলনায় এ বছর প্রতিটি খাতের ফি অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। এ ধরনের বড় সিদ্ধান্তের আগে লঞ্চ মালিক সমিতি, কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ী সংগঠন ও অংশীজনদের সঙ্গে আলোচনা বা যৌথ বৈঠক করা হয়নি। কোনো পক্ষকে না জানিয়ে বিআইডব্লিউটিএ একতরফাভাবে শুল্ক বাড়িয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি বি এম আতাউর রহমান বলেন, ‘নতুন প্রজ্ঞাপনে কনজারভেন্সি চার্জ (রক্ষণাবেক্ষণ) কয়েক ধরনের ফি অনেক বেশি বেড়েছে। ফি বাড়ানোর আগে আমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি। আমরা ইতিমধ্যে এ ব্যয় বৃদ্ধি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি।’

কোন সেবায় কেমন ব্যয় বেড়েছে

প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, বিভিন্ন ক্ষেত্রে ভাড়া, টোল ও ফি প্রায় ১০০ থেকে ১৫০ শতাংশ বা তার বেশি বেড়েছে। যেমন নৌপথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ফি (কনজারভেন্সি চার্জ) আগে প্রতি টনে ৪০ থেকে ৫০ টাকা ছিল, এখন তা ১০০ টাকা করা হয়েছে, অর্থাৎ ফি বেড়েছে ১০০ থেকে ১৫০ শতাংশ। জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকারের ফি প্রতি টনে ১৪৪ টাকা থেকে বাড়িয়ে ২৮০ টাকা করা হয়েছে। পাইলটেজ ফি প্রতি বিটে ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৭৫ টাকা করা হয়েছে। মোংলা-ঘোষিয়াখালী বা গাবখান চ্যানেল ব্যবহারের টোল প্রতি টনে ৮ থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। জেটিতে সাধারণ মালামাল নামানোর লেবার চার্জ প্রতি টনে ৫০ থেকে বাড়িয়ে ১০০ টাকা এবং বাল্ক কার্গোতে বস্তাভর্তি ও সেলাইকরণের চার্জ ৫০ থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।

সিমেন্টশিল্পে প্রভাব

নৌপথের শুল্ক বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিমেন্টশিল্পে। কারণ, সিমেন্ট উৎপাদনের কাঁচামাল সমুদ্রপথে আমদানির পর নদীপথে কারখানায় নেওয়া হয় এবং উৎপাদিত সিমেন্টও নৌপথে সরবরাহ করা হয়। জেটি দিয়ে মালামাল ওঠানামার ফি প্রতি টনে ৩০ থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। বিআইডব্লিউটিএ নির্মিত অস্থায়ী আরসিসি জেটির মাসিক ভাড়া প্রতি বর্গমিটারে ২৩ থেকে বাড়িয়ে ৫২ টাকা হয়েছে। কোম্পানির নিজস্ব জেটির জন্য প্রতি বর্গমিটারে ২০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা হয়েছে। জেটি–সংলগ্ন ঘর বা ছাউনির ভাড়া ১৩ টাকা বাড়িয়ে ২৫ টাকা এবং প্রতি শতাংশ তীরভূমি ব্যবহারের ফি ২৮৯ থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) জানিয়েছে, নতুন নিয়মে প্রতিটি সিমেন্ট কোম্পানিকে আগের চেয়ে ৭০ শতাংশের বেশি ফি পরিশোধ করতে হবে। দেশে সিমেন্টের চাহিদার বিপরীতে উৎপাদনসক্ষমতা প্রায় তিন গুণ হওয়ায় বাজার ধরে রাখার লড়াইয়ে পণ্যের দাম সমন্বয় করা কোম্পানিগুলোর জন্য কঠিন হবে। এটি মুনাফা কমিয়ে দেবে।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহসভাপতি ও লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী বলেন, নির্মাণ খাত, বিশেষ করে সিমেন্টশিল্প এমনিতেই কঠিন সময় পার করছে। দেশে চলমান মূল্যস্ফীতির কারণে সিমেন্টের চাহিদা সেভাবে বাড়ছে না। এর সঙ্গে যোগ হয়েছে জ্বালানির বাড়তি দাম। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে কাঁচামালের দামও বেড়েছে। এমন অবস্থায় নৌপথে পরিবহন খরচ বেড়ে গেলে সামগ্রিক সরবরাহশৃঙ্খলে এর নেতিবাচক প্রভাব পড়বে।

সরকারের ব্যাখ্যা

এ বিষয়ে নৌপরিবহনসচিব জাকারিয়া বলেন, আগের রেটটি অনেক পুরোনো ছিল। সম্প্রতি বিআইডব্লিউটিএ ফি বাড়িয়ে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়। এরপর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটি সেই প্রস্তাব যাচাই-বাছাই করে বাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রেট নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, নতুন নির্ধারিত রেট নিয়ে ব্যবসায়ীদের আপত্তি থাকলে এবং তাঁরা আনুষ্ঠানিকভাবে আবেদন জানালে তা পর্যালোচনা করে দেখা হতে পারে।