ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিদেশি নাগরিকদের উদ্দেশে নতুন সতর্কবার্তা জারি করেছে। শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত কোনো জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
কী বলছে মার্কিন দূতাবাস
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী বা পর্যটক যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত থাকার ওপর জোর দেওয়া হয়েছে।
ভিসা বাতিলের সম্ভাবনা
অনভিবাসী বা অস্থায়ী ভিসাধারীরা এই ধরনের অনিয়মে জড়ালে তাদের বর্তমান ভিসা সরাসরি বাতিল করা হতে পারে। ভবিষ্যতে তাদের জন্য মার্কিন ভিসা পাওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ বা অযোগ্য ঘোষণা করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



