দক্ষিণ কোরিয়ার মহাসাগর ও মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে দেশটির আরও আটটি জাহাজ নিরাপদে বেরিয়ে গেছে। শুক্রবার (২৬ জুন) সিউল সময় সকাল ৯টা পর্যন্ত ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার পরিচালিত মোট পাঁচটি জাহাজ অবস্থান করছিল, যেখানে মোট ৪৭ জন নাবিক রয়েছেন।
জাহাজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত
মন্ত্রণালয় জাহাজগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে এবং জাহাজ মালিক ও নাবিকদের অনুরোধে তাদের পরিচয় বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।
তেলের দামে প্রভাব
এদিকে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ২৬ ডলারে পৌঁছায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৯২ ডলারে ওঠে।
তথ্যসূত্র: দ্য ডন



