রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৪ জুন) সচিবালয়ে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
চুক্তি সই ও অর্থমূল্য
অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে সই হওয়া এই চুক্তির অর্থমূল্য ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ কোটি টাকা। চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এ সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিতি
চুক্তি সই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা প্যাকেজ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, এই চুক্তি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকার মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
তিনি আরও জানান, ২০১৭ সাল থেকে এ আঞ্চলিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া এ পর্যন্ত মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ প্রায় ১০ হাজার ৭৭০ কোটি টাকার মানবিক সহায়তা দিয়েছে।
তহবিলের ব্যবহার
ইউনিসেফ এই ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে ব্যয় করবে।



