ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ সহযোগিতা চান।

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণ

ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাই আগাম ভিসা না নিয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীরা যাতে বাংলাদেশে সহজে আসতে পারেন, সে পদক্ষেপ নিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের মধ্যেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তাৎক্ষণিক নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈঠকে আলোচিত বিষয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যুকরণ সহজ করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময়ে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে জোরালো জনমত ও সমর্থন আদায়ে অত্যন্ত বলিষ্ঠ ও অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন সব সময় অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশকে ভিন্নভাবে উপস্থাপনের যেকোনো অপচেষ্টা বা অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।