প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ভিসা আবেদনের নতুন নিয়ম
সম্প্রতি ভারতের ভিসা আবেদনে বেশকিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। আবেদনের একদিন আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পর্যটন ভিসার আবেদন করা যাবে। এগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা।
অনলাইনে ভিসা আবেদন
ভিসা আবেদনের জন্য https://indianvisabangladesh.nic.in/visa/Registration ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সব ঘর সঠিকভাবে পূরণ করার পর ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া
যেদিন কাগজপত্র জমা দেবেন তার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। শুধু যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য একই দিন বিকাল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।
অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য https://appointment.ivacbd.com/ সাইটে সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করতে হবে। সাইনআপ করার পর একটি ওটিপি এসএমএসে এবং আরেকটি ইমেইলে যাবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইল এসএমএসের ওটিপি সাবমিট করে ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ সম্পন্ন করতে হবে। বিকাল সাড়ে ৪টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
লগইন ও অ্যাপয়েন্টমেন্ট স্লট
সাইনআপ শেষে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর মোবাইলে ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা আসবে। সেখানে প্রথমে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। আপলোডের পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। লগইন করলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। সেটি পরিবর্তন করতে চাইলে একবার বদলানোর সুযোগ আছে।
ভিসা ফি ও পেমেন্ট
অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে। আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল বাতিল করা হবে।
ভিসা ফি ভারত নেয় না। তবে ভিসা প্রক্রিয়াকরণ চার্জ রয়েছে। সব ধরনের ভিসার জন্য আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা নেয়। এটি অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পেমেন্ট করতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
ট্যুরিস্ট ভিসার জন্য নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
- ভিসা আবেদন জমা দেওয়ার সময় ছয় মাস মেয়াদসহ মূল পাসপোর্ট, কমপক্ষে দুই খালি পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্টের কপি (প্রথম ৪ পাতা ও মেয়াদ বাড়ানোর অনুমোদন থাকলে) সঙ্গে দিতে হবে। আবেদনের সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে।
- পূর্ণ মুখমণ্ডল দেখা যায় এমন সাম্প্রতিক তোলা (৩ মাসের বেশি পুরোনো নয়) পাসপোর্ট সাইজ (২x২) রঙিন ছবি।
- জন্ম তারিখের প্রমাণ: জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।
- আবাসন প্রমাণ: ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি, টেলিফোন, গ্যাস বা পানির বিল (ছয় মাসের বেশি পুরোনো নয়)।
- পেশার প্রমাণ: প্রতিষ্ঠানের নিয়োগকর্তার চিঠি। ছাত্রদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র। ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স।
- আর্থিক স্বচ্ছতার প্রমাণ: ১৫০ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি বা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
- রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন ভিসা আবেদনপত্র।
- অনলাইন ভিসা আবেদনপত্রের নির্ধারিত জায়গায় আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
- ভিসা আবেদনপত্রের সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ গণ্য হবে।
পাসপোর্ট ফেরত
ভিসা প্রক্রিয়াকরণ শেষে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস দিয়ে জানানো হবে। সেই অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে হবে।



