সিরিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আগে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক আংশিক বাতিল করেছিল ইইউ। কিন্তু সেটি এখন রহিত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, নতুন এ সিদ্ধান্তের কারণে তাদের সঙ্গে সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হবে। ইউরোপীয় কাউন্সিল আলাদা এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার সঙ্গে ইইউ আবারও যুক্ত হয়ে, দেশটির অর্থনীতিকে পুনর্জাগরিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেটির প্রতি শক্তিশালী রাজনৈতিক সংকেত পাঠানো হয়েছে।
সিরিয়ার অন্তর্বর্তী সরকারে রদবদল
নিজ ভাইকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন সিরিয়ার প্রেসিডেন্ট। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কিছু পদ ও মন্ত্রণালয়ে পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। গত শনিবার এসব পরিবর্তন আনেন তিনি, যার মধ্যে তার আপন ভাইও আছেন। সিরীয় বার্তাসংস্থা সানার বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট সারা তার ভাই মাহেরকে সিরিয়ান প্রেসিডেন্সির সেক্রেটারি জেনারেল পদ থেকে সরিয়ে দিয়েছেন। তার জায়গায় এ দায়িত্ব দেওয়া হয়েছে হোমস প্রদেশের সাবেক গভর্নর আব্দুল রহমান বাদরেদ্দিন আল-আমআকে।
মন্ত্রিসভায় নতুন মুখ
অপরদিকে তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফাকে সরিয়ে খালেদ ফাওয়াজ জারুর এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে বাসেল হাফেজ আল-সুইদেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন পরিবর্তন আনা হয়েছে সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে এএফপি। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক স্বৈরশাসক বাসার আল-আসাদকে হটিয়ে ক্ষমতায় আসেন সারা। তিনি ২০২৫ সালের মার্চে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং পাঁচ বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। এ সরকারে নিজের কাছের লোকদের দায়িত্ব দেন।



