সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৭ হাজার ৭৬০ অবৈধ বাসিন্দা
সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৭ হাজার ৭৬০ জন

সৌদি আরবে এক সপ্তাহে মোট ৭ হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে এই বিশেষ অভিযান চালানো হয় গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত। গত শনিবার গ্রেপ্তারের সংখ্যা প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গ্রেপ্তারকৃতদের আইন লঙ্ঘনের ধরন

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন। ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন।

সীমান্ত পারাপারের চেষ্টায় গ্রেপ্তার

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ১৮৪ জন। তাঁদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার এবং ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন আরও ২৫ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বহিষ্কার ও আইনি প্রক্রিয়া

সৌদি আরব থেকে ইতিমধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার বা ডিপোর্ট করা হয়েছে। আউটপাস বা ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাঁদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। আর ফ্লাইটের টিকিট চূড়ান্ত করার অপেক্ষায় আছেন আরও ৮৫০ জন। বর্তমানে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ, ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অবৈধ প্রবাসীদের সহায়তার অভিযোগে গ্রেপ্তার

অবৈধ প্রবাসীদের পরিবহনসুবিধা, আশ্রয় ও কাজ দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বলছে, কেউ অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে কিংবা আশ্রয় ও পরিবহনসুবিধা দিলে তাঁর ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। এর পাশাপাশি জরিমানা হতে পারে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িও বাজেয়াপ্ত করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাগরিকদের তথ্য দেওয়ার অনুরোধ

মন্ত্রণালয় এ-সংক্রান্ত কোনো অনিয়ম দেখলে সাধারণ মানুষকে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করতে বলা হয়েছে।