দীঘিনালায় মাছ ধরার জালে আটকা পড়া ৮ ফুটের বার্মিজ অজগর উদ্ধার
দীঘিনালায় জালে আটকা অজগর উদ্ধার, বনে অবমুক্ত হবে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৮ ফুট লম্বা একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দার বর্ণনা

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, জমির পানি নিষ্কাশনের নালায় মাছ ধরার জন্য তিনি একটি জাল পেতেছিলেন। পরে জাল তুলতে গিয়ে দেখতে পান, একটি বড় অজগর সাপ তাতে আটকা পড়েছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমে।

উদ্ধার অভিযান

খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে অজগরটি মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন বিভাগের তথ্য

মেরুং রেঞ্জের উপবন সংরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। প্রয়োজনীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ শেষে এটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বার্মিজ অজগরের গুরুত্ব

বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বার্মিজ অজগর বিষধর নয় এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ