ফরিদপুরের সদরপুরে ছয় বছরের এক শিশুকে চকলেট ও অ্যালোভেরা গাছের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রেজাউল প্রামাণিক (৬০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
অভিযোগ দায়ের
বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে মঙ্গলবার (২ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে শিশুটি অভিযুক্তের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল শিশুটিকে অ্যালোভেরা গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে ঘরের দরজা বন্ধ করে তিনি শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তিনি তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি জানায়।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে সদরপুর থানার এসআই মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



