বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ওই শিশুটির বাবা বাদী হয়ে এই মামলা করেন।
গ্রেফতার ও হাসপাতালে প্রেরণ
মামলার পর পুলিশ অভিযুক্ত পরিমল ভক্তকে (৪৬) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে।
ঘটনার বিবরণ
মামলার বিবরণে জানা গেছে, ওই শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। রবিবার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠীকে ডাকতে যায়। এ সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরে নিয়ে দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
পুলিশের বক্তব্য
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিমল ভক্তকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। মামলার আসামিকে আদালতে এবং ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



