চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিক সমিতির লোকজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) দুপুরে হাসপাতালের পূর্ব গেটে অ্যাম্বুলেন্সে অস্বাভাবিক ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে প্রতিবাদ
এ ঘটনায় বিকালে হাসপাতালের পূর্ব গেটে মহানগর এনসিপির উদ্যোগে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়েছে। এনসিপির অভিযোগ, হামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আশিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব আসিফ চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আহত হয়েছেন।
নিরপেক্ষ তদন্তের দাবি
হামলার প্রতিবাদ জানিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মইনুদ্দিন বলেন, চিকিৎসাসেবার মতো মানবিক খাতে কোনো ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের প্রভাব চলতে পারে না। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।
দলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু বলেন, জনগণের অধিকার ও মর্যাদার প্রশ্নে এনসিপি কোনো আপস করবে না। স্বাস্থ্যখাতকে সব প্রকার সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।



