প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ মঙ্গলবার বলেছেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান, নাচ, আবৃত্তি, গল্প বলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সৃজনশীলতা ও দক্ষতা জাতীয় পর্যায়ে প্রদর্শনের উদ্যোগ নেবে।
প্রতিভা বিকাশে টেলিভিশন অনুষ্ঠান
প্রতিমন্ত্রী বলেন, 'দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ প্রতিভা রয়েছে। আগামী বছর থেকে তাদের প্রতিভা বিকাশে টেলিভিশনে জাতীয়ভাবে অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে।'
রাজধানীর মিরপুরের পিটিআইতে প্রাথমিক শিক্ষা পুরস্কার-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিষয়ভিত্তিক কুইজ ও কিউবিং) প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। তিনি বলেন, 'সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ছোট শিক্ষার্থীরা চমৎকার উপস্থাপনা করেছে। তাদের আত্মবিশ্বাস ও প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আগামী দিনে আমরা আরও ভালো ব্যবস্থার মাধ্যমে তাদের সেরা উপস্থাপনা জাতির সামনে তুলে ধরতে চাই।'
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা কোনো বিষয়ে পিছিয়ে নেই এবং তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সৃজনশীল নেতা হওয়ার সম্ভাবনা রাখে। 'সরকার সেই সম্ভাবনা বিকাশে পূর্ণ সহায়তা দেবে,' তিনি যোগ করেন।
বৃহত্তর পরিসরে প্রতিযোগিতার পরিকল্পনা
আগামী বছর থেকে এই ধরনের প্রতিযোগিতা বৃহত্তর পরিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে ববি হাজাজ বলেন, ভবিষ্যতে প্রতিযোগিতাগুলো টেলিভিশনে সম্প্রচার করা হবে, যাতে দেশের সব মানুষ প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা উপভোগ করতে পারে। একইসঙ্গে পুরস্কারের পরিধিও বাড়ানো হবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী স্কুলগুলোকে উৎসাহিত করতে নতুন প্রণোদনা চালুর কথাও বলেন। তিনি উল্লেখ করেন, কোনো স্কুলের শিক্ষার্থী বড় পুরস্কার জিতলে শিক্ষার্থীর পুরস্কারের পাশাপাশি স্কুলের জন্য বিশেষ অনুদান প্রদান করা হবে। এতে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে আরও বড় ভূমিকা পালনে উৎসাহিত হবে।
স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ
উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের শিক্ষা প্রশাসন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রচার করা উচিত। তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে স্থানীয় প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



