গত আসরের বিজয়ী শিক্ষার্থীদের একাংশ নিয়ে আগামী ১১ ও ১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’। ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।
প্রতিযোগিতার ক্যাটাগরি ও বিভাগ
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র বিভাগে থাকছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। সেকেন্ডারি বিভাগে নবম-দশম শ্রেণি ও এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে। আর হায়ার সেকেন্ডারি বিভাগে একাদশ-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ইভেন্টের বিবরণ
বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতাভিত্তিক নানা আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের সাইস্পার্ক। ইভেন্টগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দলগতভাবে অংশ নেওয়া যাবে দেয়ালিকা, সার্চ দ্য ট্রেজার ও ইনোভেটিভ আইডিয়া হান্টে। ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করা যাবে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড, কিউব মাস্টার ও সুডোকু কিং প্রতিযোগিতায়। এ ছাড়া অনলাইনে আয়োজন করা হবে সাই-ফাই স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পোস্টার ডিজাইন ও সায়েন্স মিম প্রতিযোগিতা।
স্টল, সেমিনার ও প্রদর্শনী
উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ক্লাব ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে থাকবে আকর্ষণীয় স্টল। পাশাপাশি আয়োজন করা হবে শিক্ষণীয় সেমিনার, অভিজ্ঞ ব্যক্তিদের সেশন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম ও বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী।
সময়সূচি ও পুরস্কার
দুই দিনই সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলবে বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজন। সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’। উৎসবের ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।



