লক্ষ্মীপুরের রায়পুরে পাওনা টাকা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় আহত দুই নারীসহ চারজনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ
মঙ্গলবার (৯ জুন) দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লারহাট বাজারের উত্তর পাশে সলিংয়ের মাথাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে আলমগীর চৌকিদার এবং সিরাজ ভাণ্ডারীর লোকজনদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।
আহত ও পুলিশের পদক্ষেপ
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হন। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে রায়পুরের চরবংশী হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক ও এএসআই মো. সাইফুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সূত্রে জানা যায়, আহত উভয়পক্ষের লোকজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত সিরাজসহ তার পরিবারের সদস্যরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশের বক্তব্য
হাজীমারা পুলিশ ফাঁড়ির এএসআই মো. সাইফুর রহমান বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



