নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, গুরুতর আহত
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের শরীফপুর সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত যুবকের পরিচয়

গুলিবিদ্ধ যুবকের নাম ফারুক হোসেন (২৭)। তিনি হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। আহত অবস্থায় তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সকালে কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা তিন থেকে চার জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়েন। দুটি গুলি ফারুকের শরীরে লাগে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান বলেন, ‘ফারুকের শরীরে দুটি গুলি লেগেছে। একটি কোমরে ও অন্যটি পায়ে। তার অবস্থা গুরুতর। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ