স্ত্রী হত্যার পর তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা রনি ইসলাম
স্ত্রী হত্যার পর তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

সাভারের ছায়াবিথি এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী সাভার পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম রাতের কোনো এক সময় স্ত্রীকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন।

লাশ উদ্ধার ও ময়নাতদন্ত

মঙ্গলবার (৯ জুন) রাতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পরিবারের বক্তব্য

রিয়া মনির মামা সাদ্দাম হোসেন বলেন, রনি সম্প্রতি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক বিরোধের জেরে রিয়াকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে বাইরে থেকে তালা দিয়ে পালিয়েছেন তিনি। এ ঘটনায় সাদ্দাম হোসেন বাদী হয়ে রনিকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিয়ার নানি জাহানারা বেগম বলেন, রিয়ার বাবা-মা দুজনই প্রবাসী। রিয়াকে পরিকল্পিতভাবে খুন করে পালিয়ে গেছেন রনি। আমরা এর সুষ্ঠু বিচার ও রনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পুলিশের বক্তব্য

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানান, খবর পেয়ে ওই ফ্ল্যাটের তালা ভেঙে রিয়ার লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, রনি তার স্ত্রীকে হত্যা করেছে বলে তার মাকে ফোনে জানিয়েছেন। প্রাথমিক সুরতহাল অনুযায়ী তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের ছায়াবিথি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় রনি ও রিয়া দম্পতি ভাড়া থাকতেন। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রিয়াকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে পালিয়ে যান রনি। বিষয়টি আঁচ করতে পেরে পাশের ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

রিয়া মনি নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকার আব্দুর রবের মেয়ে। স্বামীর সঙ্গে তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লায় তৌহিদুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।