কুমিল্লায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন থ্রি-হুইলার চালকরা। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন।
ঘটনার বিবরণ
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার বা তিন চাকার যানের বিরুদ্ধে পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার দুপুরে নিমসার এলাকায় একটি থ্রি-হুইলারকে আটক করে মামলা দেয় ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল। পরে থ্রি-হুইলারের চালকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে হাইওয়ে পুলিশের ব্যবহৃত একটি ভ্যানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় পুলিশের এক সদস্য আহত হন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অটোরিকশার চালকের সঙ্গে এক পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্য ব্যাটারিচালিত অটোরিকশার সামনের গ্লাসে আঘাত করেন। এসময় অন্যান্য চালকরা প্রতিবাদ জানাতে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে বেশ কিছু যুবক গাড়ি ভাংচুর করছেন। এ সময় একজন যুবককে গাড়ির সামনের দিকে উপরে উঠে ভাংচুর করতে দেখা যায়।
যানজট ও পরিস্থিতি
এ ঘটনা শুরু থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম লেনে ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন সাংবাদিকদের বলেন, ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।
পুলিশের বক্তব্য
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, কিছু ভিডিও দেখে গাড়িতে হামলা ও ভাংচুরে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



