পাঁচ দেশের নিষেধাজ্ঞা ইসরায়েলি বসতি স্থাপনে
পাঁচ দেশের নিষেধাজ্ঞা ইসরায়েলি বসতি স্থাপনে

অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সম্পৃক্ত ইসরায়েলের ছয়টি ডানপন্থী সংগঠন এবং একজন উগ্র ডানপন্থী অধিকারকর্মীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পাঁচটি পশ্চিমা দেশ। দেশগুলো হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নরওয়ে। মঙ্গলবার ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এ তথ্য জানিয়েছে।

যৌথ বিবৃতিতে পাঁচটি দেশ জানিয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তি–প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে। ওই অধিকারকর্মী এই পাঁচটি দেশে ভ্রমণ করতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়েছে, এ নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর অর্থের জোগান বন্ধ করা। কারণ, এই অর্থের জোরেই এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অধিকৃত পশ্চিম তীরে বিনা বাধায় অপরাধ করছে এবং পার পেয়ে যাচ্ছে।

সেই সঙ্গে ফ্রান্স পৃথকভাবে জানিয়েছে, দেশটি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা দেবে। তাঁকে ফ্রান্সে ঢুকতে দেওয়া হবে না। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্মোট্রিচ পশ্চিম তীরে দখলদারত্বে সক্রিয়ভাবে উৎসাহ দিচ্ছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে ইসরায়েলের একদল কট্টর ডানপন্থী এবং বসতি স্থাপনকারী গোষ্ঠী ও কর্মীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে পশ্চিম তীরের বসতি স্থাপনকারী সংস্থা আমানা, কট্টর-ডানপন্থী বসতি স্থাপনকারী দল নাচালা, বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দল হাশোমার ইয়োশ, তোরাত লেখিমা ও লেহাভা। সেই সঙ্গে বসতি স্থাপনকারী কর্মী এলিশা ইয়েরেদ এবং কাচ আন্দোলনের কর্মী নোয়াম ফেডারম্যান, নেরিয়া বেন পাজি ও ইডেন লেভির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে রেগাভিম নামের আরেকটি বসতি স্থাপনকারী গোষ্ঠী এ দফায় নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না। এ গোষ্ঠীর অনেক কর্মকর্তার সঙ্গে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁদের একজন রেগাভিম গোষ্ঠীর সহপ্রতিষ্ঠাতা ইহুদা এলিয়াহু। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বসতি প্রশাসন বিভাগের প্রধান। সম্প্রতি এলিয়াহুকে ইসরায়েলের ভূমি কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।