মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনের ব্যাপারে যুক্তরাষ্ট্র এখন ভালো অবস্থানে রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ভ্যান্সের বক্তব্য
ভ্যান্স আরও বলেন, 'ইরানিরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। এটি তাদের স্বার্থের অনুকূলে নয়।' তিনি বলেন, 'আমার মনে হয়, তারা এখন আলোচনার টেবিলে এসে কিছু বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে। অবশ্যই আমরা সেগুলো যাচাই করে দেখব।' তিনি আরও বলেন, 'যদি আমরা এই চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে এটি আমেরিকার জনগণের জন্য একটি অসাধারণ ও বড় ধরনের সাফল্য হবে।'
ট্রাম্পের 'চূড়ান্ত বিজয়' ঘোষণা
এদিকে, ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে 'চূড়ান্ত বিজয়' ঘোষণা করতে যাচ্ছে। মঙ্গলবার (৮ জুন) সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ আভাস দেন। ট্রাম্প বলেন, 'আমরা এখন আলোচনা করছি এবং তারা (ইরান) একটি খুব ভালো চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে রাজি আছে, তারা আমাদের কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতেও রাজি আছে।'
তেলের দাম কমার সম্ভাবনা
ট্রাম্প আরও বলেন, 'আমি মনে করি, আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা সত্যিই জিততে যাচ্ছেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। এটি একটি পরিপূর্ণ বা চূড়ান্ত বিজয় হবে, এটি খুব শিগগিরই ঘটবে। আর তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।'
সূত্র: আল জাজিরা



