কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদ হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় মিরপুর থানা–পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত উপজেলার মশান গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন তাঁর ব্যক্তিগত প্রাইভেট কারে সেখান দিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাঁর গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা করে। এ সময় জাহিদ ও তাঁর সহযোগী ব্যক্তিরা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ তাঁকে আটক করতে গেলে তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল ইসলাম ও এএসআই ফারুক হোসেনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তাঁরা আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার ও জাহিদকে আটক করে।
আটকের পর কারাগারে প্রেরণ
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জাহিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদক আইনে আটটি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। অভিযানে তাঁর ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ছাড়া গাড়ি থেকে ৮০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: হামলা, মাদক, পুলিশ, কুষ্টিয়া সদর, খুলনা বিভাগ, কুষ্টিয়া।



