রাজধানীর মগবাজারে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন। তাদের মুন্সিগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে আটক রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিনের রাজনৈতিক পরিচয় তদন্তে গুরুত্ব পাবে না বলে জানিয়েছে পুলিশ।
এন এম নাসিরুদ্দীন আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, সোমবার (৮ জুন) রাতে রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। ঘটনার পরপরই যুবদল নেতা দিদারুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।



