প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো সমস্যা নেই। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্দলীয় নির্বাচনে ব্যক্তি হিসেবে অংশগ্রহণ
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যারা বাংলাদেশে আছেন, তাদের অনেকেই নির্বাচনে ইচ্ছুক বা অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার কি সেই সুযোগ দেবে? যেহেতু নির্বাচন নির্দলীয় হবে, এ বিষয়ে সরকারের অবস্থান কী?
জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘কোনো রকম সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের হন, কিন্তু এটি নির্দলীয় নির্বাচন, তাই কেউ দলের কথা বলবেন না। যদি তিনি তাঁর প্রচারে দলের কথা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি হিসেবে তাঁর নির্বাচনের জন্য যে শর্তাবলী রয়েছে, সেটা পূরণ করতে পারলে তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন।’
পদ-পদবি ব্যবহার প্রসঙ্গে
অন্য এক সাংবাদিক জানতে চান, যদি কারও পদ-পদবি থাকে, সে ক্ষেত্রে কী হবে? জবাবে উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের পদ-পদবি, আসলে যেটা হয়, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি নিষিদ্ধ থাকায় তিনি পদ-পদবি ব্যবহার করতে পারবেন না। ব্যক্তি হিসেবে যে কেউ, যদি শর্তাবলী পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’
সংবাদ সম্মেলনে সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন উপদেষ্টা।



