ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকার তার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়সহ খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করলেও এসব কার্যক্রমে সুশাসনের ঘাটতি রয়েছে। অনিয়ম-দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান ও দিকনির্দেশনার অভাব দেখা যাচ্ছে। অব্যবস্থাপনা ও দলীয় প্রভাব অব্যাহত থাকায় ঝুঁকি বিশ্লেষণভিত্তিক কর্মকৌশলের অভাবে নির্বাচনী অঙ্গীকার পূরণে বাধা সৃষ্টি হচ্ছে।
প্রতিবেদনের মূল পর্যবেক্ষণ
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং উপস্থাপন করেন সিনিয়র রিসার্চ ফেলো মো. জুলকারনাইন ও রিসার্চ ফেলো রাজিয়া সুলতানা।
প্রতিবেদনে বলা হয়, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মব সংস্কৃতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেও হাটবাজার, পরিবহন খাত, বাসস্ট্যান্ড ও ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি-ছিনতাই লক্ষণীয় মাত্রায় বিদ্যমান। এসব ক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। এমনকি একজন মন্ত্রী চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, যা ব্যাপক সমালোচিত হয়েছে।
কমিশন গঠনে উদাসীনতা
সরকার গঠনের ১০০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ, মানবাধিকার সংরক্ষণ ও তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ দীর্ঘমেয়াদি ঝুঁকির মুখে পড়েছে।
সরকারের শীর্ষ পর্যায় থেকে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হলেও ক্ষমতাসীন দলের নেতা-কর্মী-সমর্থক, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের মধ্যে ‘এবার আমাদের পালা’ সংস্কৃতি দেখা যাচ্ছে। পুলিশ, প্রশাসন, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় ও গোষ্ঠী বিবেচনায় নিয়োগ-পদায়ন অব্যাহত, যা বিএনপির নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী।
ধর্মীয় সহিংসতা অব্যাহত
অন্তর্বর্তী সরকারের আমলে ধর্মীয় শক্তির উত্থান ও বহুমত-বহুধর্মী-সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর সহিংসতার ধারা নির্বাচিত সরকারের আমলেও অব্যাহত রয়েছে। সম্প্রতি ঢাকার শাহ আলীর মাজার ও কুষ্টিয়ায় এক পীরের ওপর হামলা হয়েছে, যা মুক্তচিন্তা, সামাজিক-সাংস্কৃতিক সহাবস্থান ও সহিষ্ণুতার জন্য অশনিসংকেত।
অধ্যাদেশ আইনে রূপান্তর
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি আইনে পরিণত করার উদ্যোগ সাধুবাদযোগ্য হলেও কিছু আইন বাতিল বা স্থগিত করে সরকার বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমন ও গুম প্রতিরোধে পেছনে হাঁটার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে নির্বাহী বিভাগের কর্তৃত্ব বাড়ায় এমন অনেক আইন পাস করা হয়েছে।
টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, সরকারের ১০০ দিন একদিকে আশাজাগানিয়া ও সম্ভাবনাময়, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট পথরেখার অভাব উদ্বেগজনক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও গবেষণা সহযোগী মো. সহিদুল ইসলাম।



