নিজেদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সের (ডব্লিউডব্লিউডিসি) উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছে অ্যাপল। গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এ সম্মেলনের শুরুতেই আইফোন, ম্যাক, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ভিশন প্রোর জন্য বিভিন্ন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এআইয়ের কাজের পরিধি বৃদ্ধি
এবারের সম্মেলনের মূল আকর্ষণ ছিল এআইয়ের কাজের পরিধি বৃদ্ধি, নতুন রূপে সিরি এবং পুরোনো আইফোনের কর্মক্ষমতা বাড়ানোর ঘোষণা। সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এটি ছিল টিম কুকের শেষ ডব্লিউডব্লিউডিসি। আগামী সেপ্টেম্বরে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে জন টার্নাসের।
অ্যাপলের নতুন কৌশলের কেন্দ্রে এআই
সম্মেলনের প্রায় প্রতিটি ঘোষণায় উঠে এসেছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামটি। নিজেদের এআই–ভিত্তিক প্রযুক্তি ও সেবার জন্য এ নাম ব্যবহার করছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন প্রজন্মের এআই সুবিধাগুলো শুধু নির্দিষ্ট অ্যাপ বা সেবায় সীমাবদ্ধ থাকবে না। ধাপে ধাপে পুরো অ্যাপল ইকোসিস্টেমে ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে বিভিন্ন যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতা আরও ব্যক্তিকেন্দ্রিক ও কার্যকর হবে। নতুন সুবিধার আওতায় সাফারি ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে বিষয়ভিত্তিক ট্যাব সাজাতে পারবে। কোনো ওয়েবসাইটে পরিবর্তন হলে তা পর্যবেক্ষণ করে ব্যবহারকারীকে জানাবে ব্রাউজারটি। এমনকি সাধারণ ভাষায় নির্দেশনা দিলে প্রয়োজন অনুযায়ী ব্রাউজার এক্সটেনশনও তৈরি করে দেবে। এ ছাড়া মেসেজ, মেইল, ক্যালেন্ডার, ফোন, হোম ও শর্টকাটস অ্যাপেও যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা। অ্যাপলের দাবি, এসব সুবিধা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও দ্রুত ও সহজে সম্পন্ন করতে সহায়তা করবে।
বুদ্ধিমান ও কার্যকর সিরি
প্রতিদ্বন্দ্বী প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি এআই সহকারীর তুলনায় সিরির সক্ষমতা তুলনামূলকভাবে বেশ কম। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সিরিতে বড় ধরনের পরিবর্তন এনেছে অ্যাপল। নতুন সংস্করণের সিরি আগের তুলনায় আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে পারবে। আগের প্রশ্নের প্রেক্ষাপট ধরে রেখে উত্তরও দিতে পারবে। এ ছাড়া ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রাসঙ্গিক ব্যবহার, পর্দায় প্রদর্শিত তথ্য বিশ্লেষণ এবং একাধিক অ্যাপের মধ্যে সমন্বয় করে কাজ করার সুবিধাও যুক্ত করা হয়েছে সিরিতে। শুধু তা–ই নয়, সিরির জন্য আলাদা একটি অ্যাপও চালু করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাপল। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন যন্ত্রে সিরির সঙ্গে আগের কথোপকথনগুলো সংরক্ষণ ও পর্যালোচনা করতে পারবেন।
পুরোনো আইফোনেও মিলবে উন্নত কর্মক্ষমতা
আইওএস ২৭ শুধু নতুন ডিভাইসের জন্য নয়, পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দেবে। অ্যাপল জানিয়েছে, আইফোন ১১ পর্যন্ত পুরোনো মডেলগুলোতে নতুন অপটিমাইজড সিপিইউ শিডিউলার যুক্ত করা হবে। এর ফলে ডিভাইসের প্রসেসিং ক্ষমতা আরও দক্ষভাবে ব্যবহৃত হবে এবং একসঙ্গে একাধিক কাজ করার সময়ও কর্মক্ষমতা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।
ছবির সম্পাদনায় নতুন সুবিধা
ফটোস অ্যাপে তিনটি নতুন এআই টুল যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘ক্লিন আপ’ টুলের মাধ্যমে ছবির অনাকাঙ্ক্ষিত বা বিভ্রান্তিকর উপাদান সরানো যাবে। ‘এক্সটেন্ড’ টুল ব্যবহার করে মূল ছবির বাইরের অংশ সম্প্রসারণ করার পাশাপাশি ‘স্পেশাল রিফ্রেমিং’ টুলের মাধ্যমে ছবির দৃষ্টিকোণ পরিবর্তনের সুযোগ মিলবে। ফলে সহজেই বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ছবি উপস্থাপনা করা যাবে।
শিশুদের নিরাপত্তায় নতুন নিয়ন্ত্রণসুবিধা
শিশুদের ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে নতুন কিছু নিয়ন্ত্রণসুবিধাও যুক্ত করছে অ্যাপল। নতুন ব্যবস্থায় কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে শিশুকে অভিভাবকের অনুমতি নিতে হবে কি না, তা আগে থেকেই নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। একইভাবে নতুন কোনো ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদানের সময়ও শিশুদের অভিভাবকদের অনুমোদন নিতে হবে। এ ছাড়া অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ, দিনের নির্দিষ্ট সময়ে যন্ত্র ব্যবহার সীমিত করা এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে যন্ত্র বন্ধ রাখার সুবিধাও যুক্ত করা হয়েছে।
‘লিকুইড গ্লাস’ নকশায় পরিবর্তনের সুযোগ
গত বছর চালু হওয়া ‘লিকুইড গ্লাস’ নকশা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আর তাই এবার নকশাটিকে আরও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নিয়েছে অ্যাপল। নতুন একটি নিয়ন্ত্রণসুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী এর স্বচ্ছতার মাত্রা কমাতে বা বাড়াতে পারবেন। তবে পুরোপুরি এ নকশা বন্ধ করার সুযোগ থাকছে না।
কান্নাভেজা চোখে টিম কুক
সম্মেলনের শেষ অংশে ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। তিনি জানান, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর মধ্যে ডব্লিউডব্লিউডিসি অন্যতম। অ্যাপলে কাজ করার সুযোগকে জীবনের সবচেয়ে বড় সম্মান বলেও উল্লেখ করেন তিনি। অ্যাপলের ভবিষ্যত সম্পর্কে তিনি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, অ্যাপলের সেরা সময় এখনো সামনে অপেক্ষা করছে।’ সূত্র: সিনেট, বিজনেস ইনসাইডার।



