দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করেছেন।

‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ নামে এই কেন্দ্রটি চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। এটি সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্যসম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম, চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং, সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিন ও সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনসহ আরও অনেকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘যে উদ্দেশ্যে এই ডাটা সেন্টার স্থাপিত হয়েছে, সেটা আমরা সফল করব, ইনশাআল্লাহ। যে কোন ধরণের সীমাবদ্ধতাকে সমাধান করে সেটাকে আমরা আমাদের সক্ষমতায় পরিণত করবো।’

তিনি আরও বলেন, ‘এই ডাটা সেন্টারের মাধ্যমে আমরা একটা নতুন টেকনোলজির সঙ্গে পরিচিত হয়েছি। এটার মাধ্যমে আমাদের কাছে তথ্য-উপাত্ত সংগ্রহের একটা সুযোগ এসেছে। জলে-স্থলে সব জায়গায়ই এটা কাজে লাগবে। বিশেষ করে যারা আমাদের নাবিক, জেলে, শিপিং-ফিশিংয়ের সাথে জড়িত, তাদের জন্য এই তথ্য-উপাত্ত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডাটা সেন্টারের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও হাইস্পিড ইন্টারনেটের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের কল্যাণের জন্য দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আমরা প্রযুক্তিগত উন্নয়নের দিকে আরও একধাপ এগিয়ে যাবো।’