রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ১৭ গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির আওতায় মোট ৩২টি ক্যাটাগরিতে ১৩৬টি শূন্য পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসমূহের বিবরণ
নবম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি), সহকারী পরিচালক (হিসাব), সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল), সহকারী পরিচালক (ভূমি ব্যবহার), সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), সহকারী অথরাইজড অফিসার, সহকারী নগর-পরিকল্পনাবিদ, সহকারী স্থপতি এবং সহকারী আইন কর্মকর্তা। এসব পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
দশম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে উপসহকারী প্রকৌশলী (সিভিল), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক), উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক), প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও তত্ত্বাবধায়ক। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
একাদশ গ্রেডের পদগুলো হলো হিসাবরক্ষক, সহকারী পরিসংখানবিদ, ফোরম্যান (যান্ত্রিক) ও ফোরম্যান (বৈদ্যুতিক)। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
ত্রয়োদশ গ্রেডে কম্পিউটার অপারেটর পদে ৪ জন নেওয়া হবে, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা। চতুর্দশ গ্রেডে ঊর্ধ্বতন হিসাব সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা তত্ত্বাবধায়ক ও সার্ভেয়ার পদে নিয়োগ হবে, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পঞ্চদশ গ্রেডে সার্ভেয়ার ও অপারেটর (হেভি ভেহিক্যাল) পদে বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা। ষোড়শ গ্রেডে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কনিষ্ঠ হিসাব সহকারী ও ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। সপ্তদশ গ্রেডে ট্রেসার (রেখাকার) পদে বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
আবেদনের শর্তাবলী
প্রার্থীদের বয়স ৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ১৫ নম্বর পদের (প্রধান ইমারত পরিদর্শক) জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা http://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে ৮ জুন ২০২৬, সকাল ১০টায় এবং শেষ হবে ৭ জুলাই ২০২৬, বিকেল ৫টায়।
আবেদন ফি
১ থেকে ১৭ নম্বর পদের জন্য ফি ২১২ টাকা, ১৮ থেকে ২১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২২ থেকে ৩১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩২ নম্বর পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।



