দুই দিন পর পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। এ সময়ে টিকেট নিয়ে অভিযোগ তুলেছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) দাবি, তাদের জন্য বরাদ্দ থাকা টিকেট বাতিল করা হয়েছে। এতে ইরানের সমর্থকদের একটি অংশ ধাক্কা খাবে। ইতোমধ্যে দেশের খেলা দেখার জন্য ভ্রমণের সমস্ত পরিকল্পনা সম্পন্ন যারা করেছিলেন, তারা এখন ম্যাচগুলো দেখা থেকে বঞ্চিত হবেন।
ইরানি সমর্থকদের উপস্থিতি পণ্ড করার চক্রান্ত?
এ সিদ্ধান্তকে টুর্নামেন্টে 'ইরানি সমর্থকদের উপস্থিতি পণ্ড করার একটি চক্রান্ত' বলছে এফএফআইআরআই। তারা মঙ্গলবার বিবৃতিতে বলেছে, অথচ বাস্তব চিত্র হলো, ইরানের ফুটবল সমর্থকরা আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রক্রিয়ার ওপর ভরসা করে ম্যাচগুলোতে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে রেখেছিলেন।
ফিফার নিয়ম ও ইরানের টিকেট বরাদ্দ
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রতিটি দেশ তাদের প্রত্যেক ম্যাচের মোট টিকেটের ৮ শতাংশ করে বরাদ্দ পায়। যা ফেডারেশনের মাধ্যমে সমর্থকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ইরানও এ নিয়ম অনুযায়ী টিকেট পাওয়ার কথা ছিল। একটি অপ্রত্যাশিত পদক্ষেপে, ইরান ফুটবল ফেডারেশনের টিকেট বরাদ্দ বাতিল করা হয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের একটি টিকেটও সরবরাহ করতে পারছে না ফেডারেশন। এফএফআইআরআই আরও বলেছে, এ পদক্ষেপ আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থি।
ইরানের বিশ্বকাপ যাত্রায় নানা বাধা
এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে জল ঘোলা কম হয়নি। অনেক টানাপোড়েনের পর নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা পায় ইরানের ফুটবলাররা। তবে গণমাধ্যমের খবর, দেশটির কয়েকজন ফুটবল কর্মকর্তা এখনও ভিসা পাননি। ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই পড়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর, দেশটিতে গিয়ে খেলতে আপত্তি জানায় ইরান এবং তাতে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। ১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর এ প্রথম এমন একটি আসর হতে হচ্ছে, যেখানে আয়োজক দেশ এমন এক দেশকে আতিথেয়তা দিতে যাচ্ছে, যাদের সঙ্গে তাদের যুদ্ধ চলছে!
বেইস ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তর
যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় বিশ্বকাপের জন্য জাতীয় দলের বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিহুয়ানায় সরিয়ে নেয় ইরানের ফুটবল ফেডারেশন। গত রোববার সেখানে পৌঁছেছে তারা।
ইরানের গ্রুপ পর্বের সূচি
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে 'দা গ্রেটেস্ট শো অন আর্থ।' ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় 'জি' গ্রুপে পড়েছে ইরান। লস অ্যাঞ্জেলেসে আগামী সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। একই মাঠে ২১ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। আর ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।



