চট্টগ্রামে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
চট্টগ্রামে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল-আর্জেন্টিনা সংঘর্ষ

চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

ঘটনার বিবরণ

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্থানীয় আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। তারা এলাকার বিভিন্ন চিকিৎসকের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ব্যানার বিতর্ক

স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকার বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা ব্যানার ও পতাকা টানিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা আপত্তি জানিয়ে ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানান। তবে ব্রাজিল সমর্থকরা তা অপসারণ না করায় রোববার রাতে আর্জেন্টিনা সমর্থকরা ব্যানারটি খুলে ফেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংঘর্ষ ও সালিশ

এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সোমবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন। ঘটনার পর সোমবার রাতে লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটে।

এ টি এম জাহেদ চৌধুরী বলেন, মেসির আপত্তিকর ছবি সংবলিত ব্যানারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং চারজন আহত হন। আমরা উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করেছি। বিশ্বকাপ সবাই মিলেমিশে উপভোগ করবে। এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াবে না বলে দুপক্ষের সমর্থকরা আশ্বাস দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ব্যানারে ব্যঙ্গাত্মক ছবি নিয়ে দুপক্ষের হাতাহাতির খবর পেয়েছি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে বিষয়টির সমাধান করেছেন বলে শুনেছি। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।