চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত ব্যানার টানানোকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা
আহত ব্যক্তিরা হলেন আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান এবং বশির উদ্দিন। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা। আহত ব্যক্তিদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। তাঁরা এলাকার বিভিন্ন চিকিৎসকের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার বিবরণ
এলাকার বাসিন্দারা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকার বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনার ব্যানার-পতাকা টানানো হয়েছে। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ছিল। আর্জেন্টিনার সমর্থকেরা বিষয়টি নিয়ে আপত্তি জানান এবং ব্রাজিল সমর্থকদের ব্যানারটি নামিয়ে ফেলতে বলেন। তবে ব্যানারটি নামাননি ব্রাজিল সমর্থকেরা। এতে ক্ষিপ্ত হয়ে রোববার দিবাগত রাতে আর্জেন্টিনার সমর্থকেরা ওই ব্যানার নামিয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে গতকাল দুপুরে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
সালিশ ও সমাধান
এ ঘটনার পর রাতে স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হয়। সেখানে উভয় পক্ষের মধ্যে বিরোধের অবসান হয়। সালিশে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী। তিনি বলেন, ‘মেসির আপত্তিকর ছবি নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন আহত হন। আমরা তাঁদের ডেকে বিষয়টি সুন্দরভাবে সমাধান করেছি। বিশ্বকাপ সবাই মিলেমিশে উপভোগ করব। এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয়, এমন উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে দুই পক্ষের সমর্থকেরা কথা দিয়েছেন।’
পুলিশের বক্তব্য
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ‘ব্যানার নিয়ে দুপক্ষের হাতাহাতির খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। স্থানীয় মুরব্বিরা বসে বিষয়টির সমাধান করেছেন। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যাতে কেউ অপ্রীতিকর ঘটনায় না জড়ান, সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে।’



