কেন্ট ক্রিকেটের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের পেসার হাসান মাহমুদকে। চোটের কারণে গত কয়েক মাস মাঠের বাইরে থাকার পর লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রিমিয়ার লিগের মাঝপথে মাঠে ফিরেছিলেন তিনি। এরই মধ্যে হাসানের সামনে এল আরও বড় মঞ্চ। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলবেন এই পেসার।
কেন্টে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা
কাউন্টি ক্রিকেটে হাসানের যোগ দেওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কেন্ট। দলটির অফিশিয়াল ওয়েবসাইটে হাসান নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্যও গর্বের একটি মুহূর্ত।’
ছয় ম্যাচের চুক্তি
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সব মিলে ছয়টি ম্যাচে কেন্টের হয়ে খেলবেন হাসান। ১২ থেকে ১৫ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাঠে নামবে কেন্ট, ওই ম্যাচই হতে পারে কাউন্টিতে হাসান মাহমুদের প্রথম ম্যাচ। ১৯ থেকে ২২ জুন ক্যান্টারবেরির বিপক্ষে কেন্টের পরের ম্যাচ। এই দুই ম্যাচ খেলে বাংলাদেশে ফিরবেন হাসান। সেপ্টেম্বরে মৌসুমের শেষ চারটি ম্যাচ খেলতে আবার ইংল্যান্ডে যাবেন তিনি।
কেন্টের এই অধ্যায়টা স্মরণীয় করে রাখতে চান হাসান। ডানহাতি এই পেসার কেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করতে ও দলের সাফল্যে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দলে আমি কী অবদান রাখতে পারি এবং আমার কাছে কী আশা করা হচ্ছে, সে সম্পর্কে আমি অ্যাডাম হোলিওক (কেন্টের প্রধান কোচ) এবং সাইমন কুকের সঙ্গে কথা বলেছি। এই কাউন্টির হয়ে মাঠে নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
বাংলাদেশি ক্রিকেটারদের কাউন্টি ইতিহাস
হাসানের আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কাউন্টি খেলেছিলেন শুধু সাকিব আল হাসান। উস্টারশায়ার ও সারের হয়ে দুই দফায় খেলেছিলেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি দল চারজন করে বিদেশি ক্রিকেটারকে রেজিস্ট্রেশন করতে পারবে, তবে দুজন খেলতে পারবেন একাদশে।
কেন্টের প্রশংসা
হাসানকে দলে নেওয়ার পর কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দলে হাসানকে স্বাগত জানানোর সুযোগ এসেছে, যা মৌসুমের শেষভাগে আমাদের বোলিং আক্রমণে আন্তর্জাতিক মানের পেস যোগ করবে। হাসান আসায় আমাদের স্কোয়াডের তৈরি হওয়া শক্তিশালী ভিত্তি আরও জোরালো হলো।’



