৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্ধুসভা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও গাছ দত্তক কর্মসূচির আয়োজন করে। তরুণদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা, দায়িত্ববোধ ও টেকসই উন্নয়নবিষয়ক জ্ঞান বিস্তারের লক্ষ্যে ‘পরিবেশ ও আগামী প্রজন্ম: তরুণদের দৃষ্টিতে সংকট ও সমাধান’ শিরোনামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার নিয়মাবলি ও বিচারক প্যানেল
আয়োজনের সমন্বয়কারী ও উপস্থাপক শান্ত বড়ুয়া শুরুতেই প্রতিযোগিতার নিয়মাবলি জানান এবং বিচারক প্যানেল ঘোষণা করেন। নিয়ম অনুসারে, একটি জার হতে দৈবচয়নের মাধ্যমে পাওয়া বিষয়ের ওপর নিজেদের বক্তব্য প্রদান করেন প্রত্যেক প্রতিযোগী। মোট ১৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক মুহূর্ত সৃষ্টি হয়। সবার বক্তব্যে পরিবেশ নিয়ে ভাবনা, সংকট, উদ্ভাবনমূলক চিন্তা এবং সমাধান স্পষ্টভাবে ফুটে ওঠে।
বিচারকদের মূল্যায়ন ও পরামর্শ
প্রতিযোগীদের চমৎকার বক্তব্য উপস্থাপনা শেষে তাঁদের ভুলভ্রান্তি, উপস্থাপনা কৌশল, তথ্যবহুল বক্তব্য প্রদান ইত্যাদি নিয়ে আলোচনা করেন বিচারক প্যানেলের সদস্য ও বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া। তিনি বলেন, ‘পরিমার্জিত উপস্থাপনা হচ্ছে বক্তব্য প্রদানের অলংকার। বাচনভঙ্গি আর ভাবভঙ্গি ঠিক রেখে তথ্যনির্ভর বক্তৃতা দিলে সেটির গ্রহণযোগ্যতা বেড়ে যায়।’ এ ছাড়া আলোচনায় পরিবেশ দিবস পালন ও এর গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি।
বিচারক প্যানেলের আরেক সদস্য ও বন্ধুসভার উপদেষ্টা সঞ্জয় বিশ্বাসের আলোচনায় পৃথিবীর বাস্তুতন্ত্রের ধারণা, পরিবেশ আইন ও নীতিমালা, সরকার ও নাগরিক সমাজের দায়িত্ব এবং পরিবেশগত সমস্যার সমাধান ফুটে ওঠে। তিনি বলেন, ‘পরিবেশের উপাদানসমূহের জ্ঞান থাকার পাশাপাশি সচেতনতা হিসেবে সরকার গৃহীত আইনকানুন প্রতিটি নাগরিকের মেনে চলা উচিত। পরিবেশদূষণ রোধে কার্যকর পদক্ষেপ ও প্লাস্টিক-পলিথিনের উদ্ভাবনমূলক বিকল্প তৈরি করতে তরুণদেরই উদ্যোগ নিতে হবে।’
প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দপ্তর সম্পাদক জয় চক্রবর্তী, দ্বিতীয় হয়েছেন বন্ধু নাজিফা তাজরিয়ান এবং তৃতীয় হন বন্ধু হায়দারী আলী। প্রতিযোগিতা শেষে বন্ধুদের মধ্যে গাছ দত্তক দেওয়া হয়। এবার গাছ দত্তক নিয়েছেন বইমেলা সম্পাদক সামিয়া সুলতানা।
আয়োজনে সহযোগিতা ও উপস্থিতি
আয়োজনের সহসমন্বয়কারী ছিলেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহসাংগঠনিক সম্পাদক এ আর আছাদ, অর্থ সম্পাদক ফয়সাল হাওলাদার, প্রচার সম্পাদক সাকিব জিশান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইনজামাম ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তিথি তালুকদার, বন্ধু অদ্রিক রায়, তাফসিরুল ইসলামসহ অন্যান্য বন্ধুরা।



