ডাবের এই ডেজার্ট চেখে দেখতে ভোজনরসিকেরা ছুটে যাচ্ছেন খিলগাঁওয়ে। থাইল্যান্ডের জনপ্রিয় এক স্ট্রিটফুড ডাবের আইসক্রিম। এটি মূলত ডাবের পানি, কচি শাঁস ও নারকেলের দুধ দিয়ে তৈরি করা হয়। তবে দিলওয়ালে খেতে গিয়ে মনে হয়েছে আরও বেশি কিছু, এ যেন ডাবের শাঁস, ডাবের পানি, ক্রিম আর বাদাম মেশানো ক্ষীর! মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাচ্ছিল। মাঝেমধ্যে মুখে পড়ছিল গুঁড়া গুঁড়া বাদাম, সঙ্গে ছিল ঘন ক্রিমের ঘ্রাণ। এই ডেজার্টে থাকে ডাবের শাঁস, নারকেল, ক্রিম, কাজুবাদাম, পেস্তাবাদামসহ আরও কিছু উপাদান। সব একসঙ্গে ব্লেন্ড করে কাটা ডাবের ভেতরে পরিবেশন করা হয় দিলওয়ালে। এতে মিষ্টির পরিমাণ খুব বেশি নয়, আবার খুব কমও নয়।
গরমে ঠান্ডা খাবারের চাহিদা
এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে সবারই ভালো লাগে। হয়তো এ কারণেই এতটা জনপ্রিয়তা পেয়েছে দিলওয়ালে। এতে ডাবের ভেতরে যে পুর ব্যবহৃত হয়, তা খুব নরমও নয়, আবার শক্তও নয়। যতক্ষণ ‘আইস পান্ডা’য় ছিলাম, দেখেছি কিছুক্ষণ পরপরই কেউ না কেউ দিলওয়ালে অর্ডার করছেন।
ক্যাফে প্রতিষ্ঠার গল্প
আইস পান্ডা ক্যাফের প্রতিষ্ঠাতা চিকিৎসক দম্পতি ফারহানা জাহান ও রাকিবুল ইসলাম। অনেক দিন ধরেই একটি ক্যাফে খোলার পরিকল্পনা ছিল। করোনা মহামারির পরপর ২০২২ সালে এই পরিকল্পনা বাস্তবায়ন করেন তাঁরা। খাবারের রেসিপি নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন ফারহানা। তাঁর বড় ভাই ভারতের মুম্বাইয়ে দিলওয়ালে নামের একটি খাবার খেয়ে এসে তা বানিয়ে দেওয়ার বায়না করেছিলেন। খাবারটি যখন বানালেন, তার স্বাদ আসল খাবারটির চেয়েও নাকি ভালো হয়েছিল। এভাবেই আসে এই ডেজার্টের আইডিয়া। তিনি জানান প্রতিদিনই তাঁদের ক্যাফেতে প্রায় ২০০ দিলওয়ালে বিক্রি হচ্ছে। এক একটি দিলওয়ালের দাম ২৫০ টাকা।
গ্রাহকদের অভিজ্ঞতা
রাজধানীর ফার্মগেট থেকে দিলওয়ালের স্বাদ নিতে এসেছিলেন দুই বান্ধবী সারা ও স্নিগ্ধা। ফেসবুকের রিলে মজাদার এই খাবারের ভিডিও দেখেই খেতে এসেছিলেন বলে জানালেন তাঁরা। ছুটির দিনে তো বটেই, সপ্তাহের অন্যান্য দিনেও দিলওয়ালে খেতে আসা ভোজনরসিকদের সংখ্যা অনেক। বেসরকারি ব্যাংক কর্মকর্তা হাসান জানালেন, দিলওয়ালে খেতে পরিবার নিয়ে প্রায়ই আসেন আইস পান্ডায়।
উপকরণ নির্বাচনের সতর্কতা
ক্যাফেটির আরেক সহপ্রতিষ্ঠাতা রাকিবুল জানান, ডেজার্ট তৈরির সময় খুব সচেতনভাবে নারকেল বাছাই করতে হয়। কারণ, দিলওয়ালের নির্দিষ্ট টেক্সচার ধরে রাখতে একদম কচি ডাব ব্যবহার করা যায় না, আবার খুব বেশি ঝুনা নারকেলও জুতসই হয় না।
ঠিকানা ও সময়সূচি
খিলগাঁওয়ের তালতলার শহীদ বাকি সড়কে ‘আইস পান্ডা’। দিলওয়ালে ছাড়াও এখানে পাবেন চার ধরনের লাচ্ছিসহ বিভিন্ন ধরনের খাবার ও পানীয়। ক্যাফেটির আর কোনো শাখা নেই। বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন।



