মুহাম্মদ (সা.)-এর জীবনে ভারসাম্যের সাত শিক্ষা
মুহাম্মদ (সা.)-এর জীবনে ভারসাম্যের সাত শিক্ষা

আজকের পৃথিবী চরমপন্থা, মানসিক অস্থিরতা এবং ভারসাম্যহীনতার নানা সংকটে জর্জরিত। কেউ কর্মজীবনে এতটাই ব্যস্ত যে পরিবারকে সময় দিতে পারেন না, আবার কেউ আধ্যাত্মিকতার নামে জাগতিক দায়িত্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এমন এক সময়ে মানবজাতির জন্য সবচেয়ে সুন্দর, বাস্তবমুখী ও ভারসাম্যপূর্ণ জীবনদর্শনের অনন্য এক নাম হজরত মুহাম্মদ (সা.)।

তিনি ছিলেন একাধারে আল্লাহর সর্বাধিক অনুগত বান্দা, আদর্শ স্বামী, স্নেহশীল পিতা, সফল রাষ্ট্রনায়ক, বিচক্ষণ সেনাপতি এবং মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। তাঁর জীবন কেবল ধর্মীয় উপদেশের সমষ্টি নয়; বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থার এক জীবন্ত নমুনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন— لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আল-আহযাব: আয়াত ২১)

আধ্যাত্মিকতা ও বাস্তব জীবনের দায়িত্ব: এক নিখুঁত সমন্বয়

মহানবী (সা.) ছিলেন সর্বাধিক ইবাদতগুজার ব্যক্তি। কিন্তু তিনি কখনো ইবাদতকে মানুষের জন্য কষ্টকর বা অসহনীয় করে তোলেননি। বরং তিনি শিক্ষা দিয়েছেন— ধর্ম মানুষের জীবনকে সহজ করতে এসেছে। একবার তিনজন সাহাবী সারাজীবন রোজা রাখা, সারারাত ইবাদত করা এবং কখনো বিয়ে না করার সংকল্প করলে রাসুলুল্লাহ (সা.) তাদের সংশোধন করে বলেন— أَمَّا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، وَلَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ ‘আল্লাহর কসম! আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহভীরু। কিন্তু আমি রোজা রাখি আবার বিরতও থাকি, নামাজ পড়ি আবার ঘুমাই এবং নারীদের বিয়েও করি।’ (বুখারি ৫০৬৩) এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে প্রকৃত দ্বীনদারিতা হলো ইবাদত ও জাগতিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবার হক আদায়: ভারসাম্যপূর্ণ জীবনের ভিত্তি

জীবনে স্থিতি আনতে হলে প্রত্যেকের প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করতে হয়। হজরত সালমান ফারসি (রা.) একবার লক্ষ্য করলেন, হজরত আবু দারদা (রা.) অতিরিক্ত ইবাদতের কারণে নিজের শরীর ও পরিবারের প্রতি অবহেলা করছেন। তখন তিনি তাকে স্মরণ করিয়ে দেন— ‘তোমার প্রতিপালকের তোমার ওপর হক রয়েছে, তোমার শরীরের তোমার ওপর হক রয়েছে এবং তোমার পরিবারেরও তোমার ওপর হক রয়েছে।’ পরবর্তীতে রাসুলুল্লাহ (সা.) এ বক্তব্যকে সমর্থন করে বলেন— إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ‘নিশ্চয়ই তোমার রবের তোমার ওপর হক আছে, তোমার শরীরের তোমার ওপর হক আছে এবং তোমার পরিবারেরও তোমার ওপর হক আছে। অতএব প্রত্যেক হকদারকে তার হক প্রদান কর।’ (বুখারি ১৯৬৮)

দয়া ও দৃঢ়তার অপূর্ব ভারসাম্য

রাসুলুল্লাহ (সা.) ছিলেন দয়ার প্রতীক। তবে অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ় ও আপসহীন। ব্যক্তিগতভাবে কেউ তাকে কষ্ট দিলেও তিনি ক্ষমা করে দিতেন। কিন্তু যখন দুর্বল মানুষের অধিকার হরণ করা হতো অথবা আল্লাহর বিধানের অবমাননা করা হতো, তখন তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করতেন। তার জীবন আমাদের শেখায়— দয়ালু হওয়া মানে সত্যের সঙ্গে আপস করা নয়, আবার ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা মানে নিষ্ঠুর হওয়াও নয়।

শাসন নয়, সহমর্মিতায় সংশোধন

মানুষকে অপমান করে নয়, বরং সম্মান দিয়ে সংশোধন করা ছিল নববী শিক্ষাপদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য। একবার এক বেদুইন মসজিদে নববীর ভেতরে প্রস্রাব করে দিলে সাহাবায়ে কেরাম ক্ষুব্ধ হয়ে ওঠেন। কিন্তু রাসুলুল্লাহ (সা.) তাদের থামিয়ে দেন। এরপর তিনি অত্যন্ত কোমলভাবে ওই ব্যক্তিকে মসজিদের মর্যাদা সম্পর্কে শিক্ষা দেন। এই ঘটনা আমাদের শেখায়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সমাজ— সবখানেই ভুল সংশোধনের সবচেয়ে কার্যকর উপায় হলো ধৈর্য, সহানুভূতি এবং প্রজ্ঞা।

আবেগকে অস্বীকার নয়, নিয়ন্ত্রণ

ইসলাম মানুষের স্বাভাবিক আবেগকে দমন করতে বলে না; বরং সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শেখায়। নিজের প্রিয় পুত্র ইব্রাহিম (রা.)-এর মৃত্যুর সময় রাসুলুল্লাহ (সা.)-এর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। তখন তিনি বলেন— إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ، وَلَا نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا ‘নিশ্চয়ই চোখ অশ্রু ঝরায়, হৃদয় ব্যথিত হয়; তবে আমরা এমন কথাই বলি যা আমাদের রবকে সন্তুষ্ট করে।’ (বুখারি ১৩০৩) এ শিক্ষাই আমাদের জানায়— শোক প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা যেন আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষে পরিণত না হয়।

ভালোবাসা, সহযোগিতা ও দায়িত্বে আদর্শ পরিবার

রাসুলুল্লাহ (সা.) পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন কোনো ব্যক্তি ছিলেন না। তিনি সংসারের কাজেও অংশগ্রহণ করতেন এবং পরিবারের সুখ-দুঃখ ভাগ করে নিতেন। হজরত আয়েশা (রা.) বলেন— كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ ‘তিনি পরিবারের কাজে সহযোগিতা করতেন।’ (বুখারি ৬৭৬) গভীর ভালোবাসার পাশাপাশি তিনি পরিবারের সকল সদস্যের প্রতি ন্যায়বিচার ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পরিকল্পনা ও তাওয়াক্কুল: সফল নেতৃত্বের মূলমন্ত্র

রাসুলুল্লাহ (সা.) ছিলেন পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষদের একজন। কিন্তু তিনি কখনো আবেগপ্রবণ বা হঠকারী সিদ্ধান্ত নেননি। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বিশ্বস্ত সঙ্গী নির্বাচন, দক্ষ পথপ্রদর্শক নিয়োগ এবং বিকল্প পথ ব্যবহার— সবকিছুই ছিল সুপরিকল্পিত। এরপর গুহায় অবস্থানকালে তিনি হজরত আবু বকর (রা.)-কে বলেছিলেন— لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ‘চিন্তা কর না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ (সুরা আত-তাওবা: আয়াত ৪০) এ শিক্ষা আমাদের জানায়— তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়; বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর ভরসা করা।

আজকের তরুণ সমাজ শান্তি, স্থিতি এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে ফিরছে। কিন্তু আধুনিকতার কোলাহলে তারা প্রায়ই ভারসাম্য হারিয়ে ফেলে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন আমাদের শেখায়— সমাজ থেকে বিচ্ছিন্ন না হয়েও একজন খাঁটি মুমিন হওয়া যায়, ক্ষমতাবান হয়েও বিনয়ী থাকা যায় এবং দৃঢ়চেতা হয়েও দয়ালু হওয়া যায়। ইবাদত ও কর্ম, পরিবার ও সমাজ, আবেগ ও প্রজ্ঞা, পরিকল্পনা ও তাওয়াক্কুল— জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠা করেছেন মধ্যপন্থা ও ভারসাম্যের এক অনন্য আদর্শ। তাই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রকৃত শান্তি ও সফলতা অর্জন করতে চাইলে আমাদের ফিরে যেতে হবে সেই মহান জীবনাদর্শের কাছে, যা যুগে যুগে মানবজাতির জন্য কল্যাণ, সৌন্দর্য ও ভারসাম্যের সর্বোত্তম পথনির্দেশনা হয়ে আছে।