ঈদুল আজহায় মুক্তি পাওয়া ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সিনেমা ‘মালিক’ দারুণ সাড়া ফেলেছে। সাইফ চন্দনের পরিচালনায় অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমাটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। বিশেষ করে শুভ ও বিদ্যা সিনহা মিমের জুটির রসায়ন দর্শকদের মন জয় করেছে।
সংবাদ সম্মেলনে শুভ
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিনেমাটিতে নিজের কাজের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে অকপট কথা বলেন আরিফিন শুভ। দীর্ঘদিন পর এই সিনেমায় শুভর সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
সিনেমাপ্রেমী দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা বলে জানান শুভ। তিনি বলেন, “তারা আনন্দ পেলেই তাদের আনন্দটাই সবকিছু। আমি শুধু একটা জিনিসই বলব— ‘মালিক’ এখনো সফলভাবে চলছে। যারা এখনো দেখেননি, তারা অবশ্যই হলে এসে আনন্দ করতে পারেন, তালি দিতে পারেন, সিটি বাজাতে পারেন।”
সিনেমার কলাকুশলী
‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও আরও অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু, খলঅভিনেতা মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।
অভিনয়ের সুযোগ ও সময়
সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিনয়ের সুযোগ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, “যখন যেই সুযোগ আসে, সেটা সৎভাবে ব্যবহার করাটাই সময়। আমার কাছে এই সুযোগ এসেছিল, আমি সৎভাবে ব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, ঠিক তখনই হয়েছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় না; সময় সময় হয়। বাকি টাইমিং মেলার একটা বিষয় থাকে।”
বড় বাজেটের সিনেমা প্রসঙ্গে
বিশ্ব চলচ্চিত্রের বড় বাজেটের সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে এমন একটি কাজ হয়েছে— এটাই অনেক আনন্দের, আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক কী হয়।”
অভিনেতা আরও বলেন, “খুবই আনন্দের বিষয়, কারণ আপনিই বললেন ৪০০ কোটি রুপি, ৫০০ কোটি রুপি বা হাজার কোটি রুপির বাজেটের সিনেমা। সেই তুলনায় আমাদের দর্শক যদি কিছুটা দেশের বাইরের ভিন্ন ধারা বা ভিন্ন দেশের ফ্লেভার পায়, ক্ষতি কী?”



