কারিন বোয়ে (২৬ অক্টোবর ১৯০০—২৪ এপ্রিল ১৯৪১) সুইডেনের অন্যতম নারী লেখক, যিনি কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক ও রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। তাঁকে সুইডেনের ‘পথপ্রদর্শক কবি’ বলা হলেও আন্তর্জাতিকভাবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ১৯৪০ সালে প্রকাশিত তাঁর ডিস্টোপিয়ান বিজ্ঞানভিত্তিক উপন্যাস কালোকেইন-এর জন্য।
শৈশব ও শিক্ষাজীবন
কারিন বোয়ে (পুরো নাম কারিন মারিয়া বোয়ে) ১৯০০ সালের ২৬ অক্টোবর সুইডেনের গোতেনবার্গ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন জার্মান বংশোদ্ভূত সিভিল ইঞ্জিনিয়ার এবং মা সুইডিশ। ৯ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে স্টকহোমে চলে যান। তিনি একটি শিক্ষিত ও উদার পরিবারে বেড়ে ওঠেন, যা তাঁকে সাহিত্যের প্রতি ভালোবাসা ও শিক্ষায় আগ্রহী করেছিল। শৈশবেই ধর্ম ও দর্শনের প্রতি গভীর আগ্রহ দেখান তিনি। উপসালা ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন, যা পরবর্তীকালে তাঁর সাহিত্য রচনায় মানুষের আবেগ ও অভ্যন্তরীণ সংগ্রাম চিত্রায়িত করতে সাহায্য করে।
ব্যক্তিগত জীবন ও সম্পর্ক
উপসালায় থাকাকালে কারিন বোয়ে চরম বামপন্থী সমাজতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে যান। ১৯৩০ সালে তিনি দলটির সদস্য লেইফ বিয়র্ককে বিয়ে করেন, কিন্তু দুই বছর পর বিচ্ছেদ ঘটে। এরপর তিনি গুনেল বার্গস্ট্রোমের সঙ্গে সমলিঙ্গের প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গুনেল ছিলেন কবি গুণার একেলফের স্ত্রী। জীবনের শেষ ১০ বছর তিনি জার্মান ইহুদি মারগোট হ্যানেলের সঙ্গে বসবাস করেন এবং তাঁকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করতেন। অল্প সময়ের জন্য (১৯৩৬-১৯৩৮) স্কুলের শিক্ষক ছিলেন তিনি। মানসিক অসুস্থতার কারণে তাঁর মধ্যে আত্মহননের প্রবণতা ছিল; তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সাহিত্যকর্ম
বোয়ে আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন কালোকেইন উপন্যাসের জন্য, যা সুইডিশ ভাষায় এবং একই শিরোনামে ইংরেজি অনুবাদে প্রকাশিত হয়। এতে তিনি ভবিষ্যতের এক অসহনীয় শক্তিশালী সামাজিক বিপর্যয়ের কাহিনি তুলে ধরেন। সমালোচকেরা নীতিকথামূলক ঘরানার কাজ হিসেবে এটির প্রশংসা করেন এবং অ্যালডাস হাক্সলির ব্রেভ নিউ ওয়ার্ল্ড ও জর্জ অরওয়েলের ১৯৮৪-এর সমপর্যায়ে মনে করেন। উপন্যাসটি বিশ্বের পাঁচ শতাধিক ভাষায় অনূদিত হয়েছে এবং ১৯৮১ সালে সুইডেনে চলচ্চিত্র নির্মিত হয়।
বোয়ের লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। তাঁর প্রাথমিক জীবনের অভিজ্ঞতা, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, তাঁর দৃষ্টিভঙ্গির ওপর গভীর প্রভাব ফেলে। নারীবাদী বিশ্বাস তাঁর বিভিন্ন লেখায় প্রকাশ পেয়েছে, যেখানে তিনি নারীদের ভূমিকা ও সামাজিক প্রত্যাশা অনুসন্ধান করেন। তিনি সুইডিশ সাহিত্যে মনোসমীক্ষামূলক ধারণাও প্রবর্তন করেন।
সুইডেনে বোয়ে মূলত একজন আধুনিকতাবাদী কবি হিসেবে প্রশংসা লাভ করেন। তাঁর কবিতায় আবেগপূর্ণ গভীরতা, দার্শনিক অনুসন্ধান ও অস্তিত্বমূলক বিষয় ফুটে ওঠে। সেসব কবিতায় প্রায়ই ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক দমন ও মানব পরিস্থিতি উঠে আসে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ মলন (১৯২২; ক্লাউডস) এবং মৃত্যুর পর প্রকাশিত দ্য সেভেন ডেডলি সিনস (১৯৪১) তাঁর সেরা কাজ হিসেবে বিবেচিত।
বোয়ের আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস ক্রিস (১৯৩৪), যেখানে তিনি নিজের ধর্মীয় সংকট ও সমকামিতার বিষয় তুলে ধরেন। ১৯৩১ সালে প্রকাশিত অস্তার্টে উপন্যাসে বুর্জোয়া সংস্কৃতির সমালোচনা করেন, যা নর্ডিক পুরস্কার জিতেছিল। তাঁর অন্যান্য উপন্যাস: মেরিট অ্যাওয়াকেন্স (১৯৩৩) ও টু লিটল (১৯৩৬)। ছোটগল্পের সংকলনের মধ্যে রয়েছে সেটেলমেন্টস (১৯৩৪), আউট অব অর্ডার (১৯৪০) ও অ্যানাউন্সমেন্ট (১৯৪১)।
সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি ‘বেলম্যান পুরস্কার’-সহ কয়েকটি পুরস্কার ও সম্মান পেয়েছেন। অনুবাদক হিসেবেও তাঁর সুনাম রয়েছে; তিনি ইংরেজি থেকে সুইডিশ ভাষায় অনুবাদ করেছেন টি এস এলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড এবং থমাস মানের দ্য ম্যাজিক মাউন্টেইন।
মৃত্যু ও আত্মহত্যার কারণ
কারিন বোয়ে ১৯৪১ সালের ২৪ এপ্রিল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। তাঁর মরদেহ গোতেনবার্গের একটি পাহাড়ের পাথরের পাশে পাওয়া যায়। পুলিশের রিপোর্ট ও ময়নাতদন্তে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। তাঁর জীবন ছিল বিষণ্নতায় ভরা; লিঙ্গপরিচয় নিয়ে লড়াই, জটিল সম্পর্ক ও সামাজিক চাপের কারণে মানসিক অস্থিরতা বাড়ে। ১৯৪১ সালে তিনি জার্মান অভিবাসী মারগো হ্যনেল ও অ্যানিতা নাথরস্টকে নিয়ে সমকামী ত্রিভুজ প্রেমে জড়িয়ে পড়েন। তিনি আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সুইসাইড নোটে তিনি নিজের যৌনতার কারণে গভীর মানসিক হতাশা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকর অভিজ্ঞতা এবং দমনমূলক সমাজের কথা উল্লেখ করেন, যা তিনি কালোকেইন-এ কল্পনা করেছিলেন।
উত্তরাধিকার
মৃত্যুর পর কারিন বোয়ের জীবনী নিয়ে দেশ-বিদেশের গবেষকরা অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। তাঁর সাহিত্যকর্ম নিয়মিত নতুন সুইডিশ সংস্করণে ও অন্যান্য ভাষায় প্রকাশিত হচ্ছে। বোয়ের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সুইডিশ কবি ও লেখকদের প্রেরণা জোগায়। তাঁর কবিতার প্রভাব স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর অনেক কবি, যেমন ইঙ্গার হাগারুপ, হ্যারি মার্টিনসন ও হজালমার গুলবার্গের কবিতায় স্পষ্ট।
বোয়েকে নিয়ে লেখা কবিতায় হ্যাজলমার গুলবার্গের ‘ডেড অ্যামাজন’-এ ট্র্যাজিক বীরত্ব এবং এবে লিন্ডের ‘ডেড ফ্রেন্ড’-এ তাঁর ভঙ্গুরত্ব ফুটে উঠেছে। ২০০৪ সালে উপসালা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির একটি শাখার নাম ‘কারিন বোয়ে লাইব্রেরি’ রাখা হয়। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ‘দ্য ক্যারিন বোয়ে সোসাইটি’ তাঁর সাহিত্যকর্মকে জীবন্ত রাখতে কাজ করছে। সুইডেনে ‘ক্যারিন বোয়ে সাহিত্য পুরস্কার’ চালু করা হয়েছে তাঁর সম্মানে।



